Gaji Masum Khayer

Gaji Masum Khayer

Share

কবি ও রাজনৈতিক বিশ্লেষক

05/01/2023

চরমোনাই পীরের রাজনীতিতে উদারতা: নতুন বছরে নতুন বাংলাদেশ
-গাজী মাসুম খায়ের

মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের গতকালের জাতীয় সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অস্থিতিশীল বলেই সর্বক্ষেত্রে বিপর্যস্ত হওয়া ভঙ্গুর রাষ্ট্রটি রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন কামনা করছে। এ কাম্যমানের পরিবর্তন ছাড়া এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার মতো কোনো সুযোগ আছে বলে মনে করা বোকার স্বর্গে বাস করার মতোই।

তাই পীর সাহেব চরমোনাইর দল রাজনীতিতে গুণগত পরিবর্তনের স্লোগান তুলে গণমানুষের আস্থা অর্জনের যে চেষ্টা চালিয়েছে- সে চেষ্টায় তারা আরেক ধাপ এগিয়েছে বললে অত্যুক্তি হবে না। ফল দেখতে চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমি মোটেও মনে করি না। কারণ, এমন স্লোগানের আবেদন ফুরিয়ে যাওয়ার মতো এতটা নষ্ট পরিবেশ বাংলাদেশে এখনও তৈরি হয়নি। শাসকগোষ্ঠীকে এ জন্য ধন্যবাদ জানানো দরকার যে, রাষ্ট্রটা নষ্ট করার ক্ষেত্রে তাঁরা আরও প্রচেষ্টা চালাতে পারতো; কিন্তু তাঁরা তা করেনি। ভাগ্য সুপ্রসন্ন বলেই নব্য ফেরাউনী শাসনামলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান মানুষ দেদারসে গিলছে।

মানুষের অধিকার আদায়ের লক্ষ্য নির্ধারণ করেই হাতপাখা রংপুরে নৌকাকে লালকার্ড দেখিয়েছে। রংপুরের নির্বাচনী স্লোগান আর জাতীয় সম্মেলনের স্লোগান আক্ষরিকভাবেই মিলে যেতে হবে- এমন কথা কোথাও নেই। তাই তো দলটি যখন আদর্শিকভাবে ব্রান্ড হয়ে উঠছে তখন তাঁদের সব স্লোগানই বিশ্বাসযোগ্য বলেই মানুষ মেনে নিচ্ছে।

রাজনৈতিক প্রতিহিংসার বাংলাদেশের নানান সুখস্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে রাজনীতির যে উদারতা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখিয়েছে- তা যদি কাজে লাগানো যায় তবে বাংলাদেশের মানুষ নতুন বছরে নতুনভাবে দেশ গড়তে যাচ্ছে বলে আশাবাদী আপনি হতেই পারেন।

(৪ জানুয়ারি ২০২৩)

লেখক: কবি ও রাজনীতি বিশ্লেষক

05/01/2023

রাজনীতিতে মিথ্যা ও অবান্তর কথা ছাড়তেই হবে
- গাজী মাসুম খায়ের

মিথ্যা ও অবান্তর কথা বলার অভ্যাস বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরনো সংস্কৃতি। এটাকে জাগতিক সংগঠনের নেতারা রাজনৈতিক পুঁজির একটা অংশ বানিয়ে নিয়েছে। ইসলামী রাজনীতির নেতাদের কেউ কেউ এতে সামান্য ভূমিকা রাখছে না যে, তা নয়। তারাও তো সংস্কৃতির বাহিরে চলতে পারে না।

তবে দু'টি সংগঠনের নেতারা এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিথ্যা ও অবান্তর কথা বলা থেকে বিরতই থাকেন- তা কোনো সংকোচ ছাড়াই বলা যায়। কিন্তু আমার আলোচনা অন্য জায়াগায়।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে জামায়াত বাদে গণমুখী সব সংগঠনের শীর্ষনেতাদের উপস্থিতি ছিলো। সেখানে প্রায় সবাই বস্তুনিষ্ঠ ও সত্য বক্তব্য নরমে গরমে শিষ্টাচার বজায় রেখেই দিয়ে গেছেন। এটা রাজনৈতিক সৌন্দর্যের পরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে নিঃসন্দেহে। এতে বাংলাদেশ নতুন একটি দিন পেয়েছে। বলতে গেলে নতুন বছরের নতুন বাংলাদেশ।

পরিশেষে জোর দিয়েই বলতে পারি, বাংলাদেশের রাজনীতির নতুন সূর্যোদয়ের অপেক্ষায় যারা আছেন তারা আশাবাদী হতেই পারেন। আশা মরেও মরেনি নতুন করে তৃতীয় শক্তি হয়ে ওঠা হাতপাখাওয়ালাদের কল্যাণে।

(৪ জানুয়ারি ২০২৩)

লেখক: কবি ও রাজনীতি বিশ্লেষক

05/01/2023

হাতপাখার আমীর দেখিয়েছেন রাজনৈতিক সহিষ্ণুতার অনন্য নজীর
-গাজী মাসুম খায়ের
বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সম্পর্কে বলার কিছুই নেই। রাজনৈতিক সংকট, উদ্বেগ, উৎকন্ঠা জনমনে ঝেঁকে বসেছে চরম ভাবে। এ দুঃসময় এক দিনে আসেনি। এক সরকারের এক মেয়াদেও নয়। কয়েক মেয়াদেও নয়। কয়েক সরকারের কয়েক মেয়াদেও নয়৷ সেই দেশ স্বাধীন হবার পর থেকে যারা যতদিন ক্ষমতায় ছিলো তারা ততদিনের জন্য দায়ী। কারণ, সব সরকারই বিরোধী মত দমনে যথেষ্ট সক্রিয় কর্ম তৎপরতা চালিয়েছে।

গ্রহণযোগ্য অংশ গ্রহণমূলক সরকারের রূপ বাংলাদেশে কেউ দেখানো তো দূরের কথা আইনেও তা অপ্রলুব্ধ। এমন আস্থাশীল পরিবেশ তৈরির উপযুক্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ যাবৎকালে বাংলাদেশে দেখা যায়নি। এটা বরাবরই হতাশার ছিলো।

এখন বাংলাদেশ আলোর মুখ দেখতে শুরু করেছে পীর সাহেব চরমোনাইর গণমুখী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে। গণমুখী বলতে যা বুঝায় তা বিগত নির্বাচনগুলোতে হাতপাখা অর্জন করেছে।

দলটির গতকালের জাতীয় সম্মেলন যে যুগান্তকারী নজীর সৃষ্টি করেছে তা তো বাংলাদেশের রাজনীতির ধারণাই পালটে দিতে পারে। সহিষ্ণুতার রাজনীতির ধারাবাহিক সূচনা যদি এখান থেকেই শুরু হয় তবে জিতে যাবে বাংলাদেশ। নইলে এ ইতিহাস অন্তত বহুদিন দগদগে হয়ে থাকবে আলোকজ্জ্বলভাবে। বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ানোর মতোই আওয়ামীলীগ-বিএনপিকে এ দুঃসময়েও এক মঞ্চে সহিষ্ণুতার সবক দিয়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা চাট্টিখানি কথা নয়।

(৪ জানুয়ারি ২০২৩)

লেখক: কবি ও রাজনৈতিক বিশ্লেষক

05/01/2023

রাজনীতিতে শেষ কথা নেই
- গাজী মাসুম খায়ের

প্রবাদ আছে 'অতি সুখে তাতী নষ্ট'। বাংলাদেশের গণমুখী সংগঠনগুলোর মধ্যে প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি বহু আগেই জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টা রংপুর সিটি নির্বাচনের ফল দিয়ে বুঝতে গেলেও স্পষ্টভাবে বুঝা যায়। সাবেক শাসক এরশাদের এলাকায় জাতীয় পার্টি ছাড়া অন্যদল পাশ করবে না- তা তো অনুমেয়ই। কিন্তু সেখানে হাতপাখার বাতাস এতোটা প্রবল হবে- তা কে জানতো? সেই প্রবল বাতাসে নৌকা তো ডুবেই গেলো গহীন অতলে আর লাঙ্গলও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে উতরে গেলো। হাতপাখার প্রার্থীর দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জিতে যেতো হাতপাখাই। বড় দুই সংগঠনের নৌকা আর লাঙ্গল নিয়ে আত্মতুষ্টিতে ভোগার দিন শেষ হয়েছে- এ কথা আর প্রমাণের দরকার নেই।

ঝড়ের সৃষ্টি সমুদ্রে হলেও আছড়ে পড়ে তা জনপদে। চুরমার করে জনপদের গুরুত্বপূর্ণ সম্পদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে রংপুর সিটি নির্বাচনে যে ঝড় তুলেছেন তা সারা বাংলাদেশে সাইক্লোন হয়ে উঠবে না- এমন নিশ্চয়তা দেওয়া মুশকিল তো হবেই।

হাতপাখার এমন বাতাস ধানের শীষ ও দাড়িপাল্লাকে কাত করে দিবে এতোটা আশাবাদী চরমোনাই পীরের নেতা কর্মীরা না হলেই এগিয়ে যাওয়ার এ ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে। এতোটা আত্মতুষ্টিতে ভোগার সময় এখন তো আসেনিই। কোনোদিন আসবে কি না তা সময়ই বলে দিবে।

বাকী যে সংগঠনগুলোর কথা আমি বলিনি সে সংগঠনগুলো যে, কোনোদিনই গণমুখী হয়ে উঠবে না তা বলার সুযোগ কই?

(৫ জানুয়ারি ২০২৩)

লেখক: কবি ও রাজনীতি বিশ্লেষক

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka
122333